চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। মহাসড়কের ওই এলাকায় সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ গতি কমিয়ে ব্রেক করলে পেছনে থাকা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিতে ধাক্কা দেয়। পরে সিএনজিটি ছিটকে গিয়ে একটি পিকআপের সামনের অংশে আঘাত করে।
এতে সিএনজিতে থাকা চালকসহ চারজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
ঘটনাস্থলেই সিএনজির যাত্রী কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মোহর আলী (৬০) মারা যান। গুরুতর আহত চালক কবির মালকে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, তিনটি যানবাহনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স